এক্সে মিলবে সঙ্গীর খোঁজ!
আগামী বছরের মধ্যেই পুরোপুরি ডেটিং সাইট হিসাবে কাজ শুরু করবে মাইক্রো ব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)। সাধারণ মানুষের মধ্যে ডেটিং অ্যাপের চাহিদা বৃদ্ধি পাচ্ছে বলেই প্ল্যাটফর্মটিতে এই সুবিধা আনার কথা জানিয়েছে বিশ্বের শীর্ষ ধনকুবের ও এক্সের মালিক ইলন মাস্ক।
গত নভেম্বরে টুইটার অধিগ্রহনের পর থেকে এই প্ল্যাটফর্মকে আগাগোড়া ঢেলে সাজাচ্ছেন মাস্ক। প্ল্যাটফর্মের নাম থেকে পোর্টালের লোগো, ব্যবহারের বিধি থেকে বাড়তি সুবিধা, সবই পাল্টে দিয়েছেন তিনি। এবার তাতে ডেট অ্যাপের ফিচারও যোগ করা হবে বলে জানালেন এক্স প্রধান।
বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে সময়ের চাহিদা মতোই নানা ফিচার আনতে চান মাস্ক। তাই ডিজিটাল ব্যাঙ্কিং কিংবা ডেটিং অ্যাপ, সবকিছুই এক ছাতার তলায় আনতে চাইছে এক্স।
শুক্রবার থেকেই এক্স প্ল্যাটফর্মে নতুন একটি সাবস্ক্রিপশন প্ল্যান এনেছেন তিনি। প্রিমিয়াম প্লাস নামের এই প্ল্যানে বিজ্ঞাপন ছাড়াই সকল সুবিধা পাওয়া যাবে।
সূত্রের খবর, ২০২৪ সালের মধ্যেই ডেটিং অ্যাপের ফিচার চলে আসবে টুইটারে। তবে ব্যবহারকারীদের এজন্য বেশ ভালো খরচই করতে হবে। তবে ঠিক কী কী ফিচার পাওয়া যাবে এক্স- এর ডেটিং অ্যাপে, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ডিবিটেক/বিএমটি







